যুদ্ধবিরতির মধ্যেও কঠোর হুঁশিয়ারি নেতানিয়াহুর, ‘যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু করতে প্রস্তুত ইসরায়েল’
বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান-এর মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা থাকলেও ইসরায়েল যে কোনো মুহূর্তে আবারও যুদ্ধ শুরু করতে প্রস্তুত। তিনি জানান, “আমাদের আঙুল ট্রিগারেই রয়েছে।”
বুধবার (৮ এপ্রিল) টেলিভিশনে দেওয়া এক সংবাদ সম্মেলনে তিনি ইরান-কে এ হুঁশিয়ারি দেন বলে জানিয়েছে দ্য টাইমস অফ ইসরায়েল।
নেতানিয়াহু বলেন, ছয় সপ্তাহের লড়াইয়ে ইরানের অবস্থান দুর্বল হয়েছে এবং ইসরায়েল এখন আগের চেয়ে বেশি শক্তিশালী। তবে এখনও কিছু লক্ষ্য অর্জন বাকি রয়েছে, যার মধ্যে রয়েছে ইরান থেকে ইউরেনিয়ামের মজুদ সম্পূর্ণভাবে সরানো—যা চুক্তি অথবা শক্তি প্রয়োগের মাধ্যমে করা হবে।
তিনি আরও বলেন, যুদ্ধবিরতির অর্থ এই নয় যে অভিযান শেষ হয়েছে। প্রয়োজনে আবারও সামরিক অভিযান চালানো হবে।
এছাড়া তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র-এর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সঙ্গে সমন্বয়ের ভিত্তিতেই দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তার মতে, আলোচনায় ইরান তুলনামূলকভাবে দুর্বল অবস্থানে থাকবে।