চুক্তি ছাড়াই শেষ বৈঠক, আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান
যুক্তরাষ্ট্র ও ইরান -এর মধ্যে পাকিস্তানের ইসলামাবাদ এ অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠক কোনো চূড়ান্ত চুক্তি ছাড়াই শেষ হয়েছে। তবে উভয় পক্ষ আবারও আলোচনায় বসতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের বিশ্লেষক ও সাংবাদিক হামিদ মির।
পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম Geo News-এর এক অনুষ্ঠানে তিনি বলেন, এক বা দুই দফা বৈঠকে বড় কোনো সমাধান আসা সম্ভব নয়, তাই আলোচনাকে ব্যর্থ বলা ঠিক হবে না।
তিনি জানান, নতুন বৈঠকের সময় ও স্থান এখনো নির্ধারণ হয়নি। তবে উভয় পক্ষের প্রতিনিধিদের দীর্ঘ আলোচনায় কিছু বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছে, যদিও গুরুত্বপূর্ণ কিছু ইস্যুতে নিজ নিজ নেতৃত্বের সঙ্গে পরামর্শ প্রয়োজন।
হামিদ মির আরও বলেন, আলোচনার শেষ পর্যায়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ-এর সঙ্গে কথা বলেন এবং বিষয়গুলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সঙ্গে আলোচনার কথা জানান।
যুদ্ধবিরতি প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে দুই সপ্তাহের জন্য কার্যকর থাকা যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে পরোক্ষ যোগাযোগ চলছে।
এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার ইঙ্গিত দিয়ে বলেন, “কূটনীতি কখনোই শেষ হয়ে যায় না।” তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বিশ্লেষকদের মতে, সামরিক উত্তেজনার মধ্যেও উভয় পক্ষ আলোচনার পথ খোলা রাখায় ভবিষ্যতে সমাধানের সম্ভাবনা পুরোপুরি নাকচ করা যাচ্ছে না।