স্বাধীনতা পুরস্কার–২০২৬: ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে সম্মাননা, প্রধানমন্ত্রীর হাত থেকে আজ পদক গ্রহণ
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার–২০২৬’ প্রদান করা হচ্ছে। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৪টায় ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা ও দেশগঠনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-কে এ বছরের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আরও ১৪ জন বিশিষ্ট ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে। তারা হলেন—মুক্তিযুদ্ধে মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর), বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জহুরুল করিম, সাহিত্যে আশরাফ সিদ্দিকী (মরণোত্তর), সংস্কৃতিতে ইত্যাদি অনুষ্ঠানের উপস্থাপক হানিফ সংকেত, সংগীতে বশীর আহমেদ (মরণোত্তর), ক্রীড়ায় জোবেরা রহমান (লিনু), সমাজসেবায় ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর), মো. সাইদুল হক, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাহেরীন চৌধুরী (মরণোত্তর), জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান (মরণোত্তর), গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আবদুল বাকী, অধ্যাপক এম এ রহিম, অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া এবং পরিবেশ সংরক্ষণে আবদুল মুকিত মজুমদার।
এবার পাঁচটি প্রতিষ্ঠানকেও স্বাধীনতা পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। এগুলো হলো—ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন, এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ এবং গণস্বাস্থ্য কেন্দ্র।
স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা, যা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়।