ইউরোপে জেট ফুয়েল সংকট, মাত্র ছয় সপ্তাহের মজুত: সতর্ক করলেন আইইএ প্রধান
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে পড়ায় ইউরোপে উড়োজাহাজের জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। এতে বিমান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থা-এর প্রধান ফাতিহ বিরোল জানিয়েছেন, ইউরোপে বর্তমানে মাত্র ছয় সপ্তাহ বা তার কিছু বেশি সময়ের জেট ফুয়েল মজুত রয়েছে। জ্বালানি সরবরাহ বন্ধ থাকলে খুব শিগগিরই ফ্লাইট বাতিলের পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলেও তিনি সতর্ক করেছেন।
আল জাজিরা-র প্রতিবেদন অনুযায়ী, এক সাক্ষাৎকারে তিনি বলেন, হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার ফলে বড় ধরনের জ্বালানি সংকট তৈরি হয়েছে, যা বৈশ্বিক অর্থনীতিতেও প্রভাব ফেলছে।
এদিকে, যুদ্ধ-পরবর্তী সময়ে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে ইউরোপীয় দেশগুলো নতুন পরিকল্পনা নিচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি আন্তর্জাতিক জোট গঠনের উদ্যোগ চলছে, যারা ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখবে। তবে এই জোটে আপাতত যুক্তরাষ্ট্রকে অন্তর্ভুক্ত না করার চিন্তা করা হচ্ছে।