জ্বালানির দাম বাড়তেই বাস-লঞ্চ ভাড়া বাড়ানোর প্রস্তাব, আজ বৈঠক
দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর পরদিনই বাস ও লঞ্চ ভাড়া বৃদ্ধির প্রস্তাব দিয়েছে সংশ্লিষ্ট পরিবহন মালিকরা। এ বিষয়ে আজ সন্ধ্যায় ভাড়া নির্ধারণ কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পরিবহন মালিক সমিতির খসড়া প্রস্তাব অনুযায়ী, ঢাকা, চট্টগ্রামসহ মহানগরীগুলোতে বাস ভাড়া ৬৪ শতাংশ এবং দূরপাল্লার বাসে ৩৭ শতাংশ বাড়ানোর প্রস্তাব তোলা হবে।
অন্যদিকে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল যাত্রী পরিবহন (যাপ) সংস্থা লঞ্চ ভাড়া ৩৬ থেকে ৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে।
প্রস্তাব অনুযায়ী, ১০০ কিলোমিটারের কম ও বেশি—উভয় দূরত্বে প্রতি কিলোমিটারে ১ টাকা ভাড়া বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এ প্রস্তাব ইতোমধ্যে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কাছে পাঠানো হয়েছে।
এ ছাড়া যাত্রীপ্রতি সর্বনিম্ন লঞ্চ ভাড়া ২৯ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাবও দেওয়া হয়েছে।
জ্বালানির দাম বাড়ার প্রেক্ষাপটে গণপরিবহন ভাড়া সমন্বয় নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। এখন ভাড়া নির্ধারণ কমিটির সিদ্ধান্তের দিকেই তাকিয়ে সংশ্লিষ্টরা।