প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান, সঙ্গে জুবাইদা রহমান
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়া সফরে গেছেন তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) ভোরে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা হন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সকাল ৬টা ১০ মিনিটে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় তার গাড়িবহর বগুড়া সার্কিট হাউসে পৌঁছানোর কথা রয়েছে। প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। শহরজুড়ে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
সফরকালে বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নেওয়া ও মতবিনিময় শেষে আজই ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।