জাপানে ৭.৭ মাত্রার ভূমিকম্পের পর বড় কম্পনের আশঙ্কা, নতুন সতর্কতা জারি
জাপানের উত্তর-পূর্ব উপকূলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর দেশটির কর্তৃপক্ষ নতুন করে সতর্কতা জারি করেছে। কর্মকর্তারা বলছেন, আগামী সপ্তাহে আরও বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি স্বাভাবিক সময়ের তুলনায় বেড়েছে।
সোমবার আঘাত হানা এ ভূমিকম্পের কেন্দ্র ছিল রাজধানী টোকিও থেকে প্রায় ৫৩০ কিলোমিটার উত্তরে ইওয়াতে অঞ্চলের সমুদ্র এলাকায়। ভূমিকম্পের উৎপত্তি হয় সমুদ্রের নিচে প্রায় ১০ কিলোমিটার গভীরে। এর প্রভাব হনশু, হোক্কাইডো এবং টোকিও পর্যন্ত অনুভূত হয়।
ভূমিকম্পের পর উপকূলীয় এলাকাগুলোতে সুনামি সতর্কতা জারি করে বাসিন্দাদের দ্রুত নিরাপদ উঁচু স্থানে সরে যেতে বলা হয়। ৩ মিটার পর্যন্ত সুনামি ঢেউয়ের আশঙ্কা করা হলেও বাস্তবে সর্বোচ্চ প্রায় ৮০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ রেকর্ড করা হয়। কয়েক ঘণ্টা পর সুনামি সতর্কতা প্রত্যাহার করা হয়।
তবে জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, পরিস্থিতি এখনও পুরোপুরি ঝুঁকিমুক্ত নয়। সংস্থাটি সতর্ক করে বলেছে, ৮.০ বা তার বেশি মাত্রার আরেকটি ভূমিকম্পের সম্ভাবনা এখন বেড়েছে, যা বড় ধরনের সুনামির কারণ হতে পারে।