অক্ষয়ের মেয়েকে নগ্ন ছবি চাওয়ার অভিযোগে অভিযুক্ত গ্রেপ্তার
বলিউড অভিনেতা অক্ষয় কুমার-এর মেয়ে নিতারা ভাটিয়া সাইবার হয়রানির শিকার হওয়ার ঘটনায় অবশেষে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনাটি ঘটে অনলাইনে ভিডিও গেম খেলার সময়। খেলার মাঝেই এক ব্যক্তি নিতারার কাছে আপত্তিকর প্রস্তাব দেয় এবং তার কাছে নগ্ন ছবি দাবি করে। বিষয়টি জানতে পেরে অক্ষয় কুমার মহারাষ্ট্র সাইবার সেল-এর কাছে অভিযোগ জানান, এরপর পুলিশ তদন্ত শুরু করে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, ঘটনাটি ২০২৫ সালে ঘটে। মহারাষ্ট্র পুলিশের ‘সাইবার সচেতনতা মাস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে অক্ষয় নিজেই মেয়ের সঙ্গে ঘটে যাওয়া এই অভিজ্ঞতা তুলে ধরেন।
তিনি জানান, নিতারা অনলাইনে এক ব্যক্তির সঙ্গে পরিচিত হওয়ার পর ওই ব্যক্তি তার লিঙ্গ পরিচয় জানতে চায়। নিজেকে নারী হিসেবে পরিচয় দেওয়ার পরই লোকটির আচরণ বদলে যায় এবং সে আপত্তিকর দাবি করে বসে। পরিস্থিতি বুঝে নিতারা সঙ্গে সঙ্গে গেম বন্ধ করে মায়ের কাছে বিষয়টি জানায়।
ঘটনার পর অক্ষয় কুমার স্কুল পর্যায়ে সাইবার নিরাপত্তা শিক্ষা চালুর আহ্বান জানান এবং আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন।
পরবর্তীতে মহারাষ্ট্র সাইবার বিভাগের কর্মকর্তা যশস্বী যাদব জানান, তদন্তের ভিত্তিতে সংশ্লিষ্ট একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি নিতারার সচেতনতা ও সাহসিকতার প্রশংসা করে সবাইকে সাইবার হয়রানি বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।