১০ দিনে ১০০ কোটির ক্লাবে ‘ভূত বাংলা’, অক্ষয়ের ২০তম শতকোটি সিনেমা
বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে ভূত বাংলা। অক্ষয় কুমার ও ওয়ামিকা গাব্বি অভিনীত এই ছবিটি মুক্তির মাত্র ১০ দিনের মধ্যেই ভারতে ১০০ কোটির ক্লাব অতিক্রম করেছে। এর মাধ্যমে অক্ষয় কুমারের ক্যারিয়ারে এটি ২০তম শতকোটি আয় করা সিনেমা হিসেবে জায়গা করে নিয়েছে।
হিন্দুস্তান টাইমস-এর তথ্য অনুযায়ী, রবিবার রাত ১০টা পর্যন্ত ছবিটির আয় ছিল প্রায় ১২.৫০ কোটি রুপি। সব মিলিয়ে ১০ দিনে ভারতের বাজারে ছবিটির নেট কালেকশন দাঁড়িয়েছে ১১৩.৪০ কোটি রুপি এবং গ্রস কালেকশন হয়েছে ১৩৪.৯৮ কোটি রুপি।
অন্যদিকে স্যাকনিল্ক-এর প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক বাজারেও ভালো ব্যবসা করছে ছবিটি। ১০ম দিনে বিশ্বব্যাপী প্রায় ৩ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। ফলে বিশ্বজুড়ে মোট গ্রস কালেকশন দাঁড়িয়েছে ১৭৯.৪৮ কোটি রুপি।
প্রিয়দর্শন পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন রাজপাল যাদব, মিথিলা পালকার, পরেশ রাওয়াল, গোবর্ধন আসরানি এবং টাবু।
উল্লেখযোগ্যভাবে, কিংবদন্তি অভিনেতা গোবর্ধন আসরানির এটি শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা। গত বছরের ২৫ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন।