মঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬
মঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬
হোমবিশ্বযুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানেই শান্তি আলোচনা ভেস্তে গেছে: ইরান

যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানেই শান্তি আলোচনা ভেস্তে গেছে: ইরান

favicon
ভোরের আলো ডেস্ক:
যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানেই শান্তি আলোচনা ভেস্তে গেছে: ইরান

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইসলামাবাদে অনুষ্ঠিত শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার জন্য ওয়াশিংটনের অতিরিক্ত শর্ত ও কঠোর অবস্থানকে দায়ী করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিবিবিসি-এর খবরে এ তথ্য জানানো হয়েছে।

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ-এ পৌঁছে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইসলামাবাদে মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে অনুষ্ঠিত আলোচনা যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি ও অনমনীয় মনোভাবের কারণে প্রত্যাশিত ফল পায়নি।

তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে রাশিয়ার মিত্রদের সঙ্গে আলোচনা করবেন এবং কোন শর্তে ভবিষ্যতে আলোচনা এগোতে পারে, সে বিষয়েও কথা হয়েছে।

এ সময় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ে কথা বলেন আরাগচি। তিনি বলেন, এই জলপথে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করা একটি বৈশ্বিক ইস্যু এবং এ বিষয়ে ওমানসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমন্বয় জোরদারের আহ্বান জানান। পাশাপাশি ইরান-ওমানের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতা বাড়াতে নতুন আলোচনার বিষয়ে সমঝোতার কথাও জানান তিনি।

অন্যদিকে অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়া ইনস্টিটিউট-এর বিশ্লেষক এমা শর্টিস মনে করেন, ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক বর্তমানে অচলাবস্থায় রয়েছে এবং সাম্প্রতিক ঘটনাগুলো পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে।

আলজাজিরা-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সপ্তাহান্তে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দূতদের পাকিস্তান সফর বাতিল করায় কূটনৈতিক অগ্রগতি থমকে গেছে।

তবে এই অচলাবস্থার মধ্যেও সম্ভাবনা পুরোপুরি শেষ হয়নি বলে মনে করেন তিনি। ট্রাম্পের পক্ষ থেকে একটি নতুন প্রস্তাবের কথাও উঠে এসেছে, যা তিনি ‘অনেক ভালো পরিকল্পনা’ হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতেও কিছুটা নমনীয়তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

তবে পুরো পরিস্থিতি এখনো অনিশ্চিত এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সিদ্ধান্ত যেকোনো সময় বদলে যেতে পারে বলে সতর্ক করেছেন এই বিশ্লেষক।