রাঘব চাড্ডার দলত্যাগে উত্তপ্ত এএপি রাজনীতি, পাল্টাপাল্টি অভিযোগে নতুন বিতর্ক
আম আদমি পার্টি (এএপি) থেকে পদত্যাগ করে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগ দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। দলটির সাবেক নেতা রাঘব চাড্ডা-কে ঘিরে শুরু হয়েছে পাল্টাপাল্টি অভিযোগের ঝড়।
বিজেপিতে যোগ দেওয়ার কারণ ব্যাখ্যা করে একটি ভিডিও বার্তা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এএপি নেতা সৌরভ ভরদ্বাজ পাল্টা ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি চাড্ডার ‘টক্সিক ওয়ার্ক এনভায়রনমেন্ট’-সংক্রান্ত অভিযোগ সরাসরি নাকচ করেন।
ভরদ্বাজের এই আক্রমণাত্মক বক্তব্যে চাড্ডার ব্যক্তিগত জীবনও উঠে আসে। তিনি পরিণীতি চোপড়া-র সঙ্গে চাড্ডার বিয়ের প্রসঙ্গ টেনে এনে বিভিন্ন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন।
এএপি নেতার দাবি, রাঘব চাড্ডার দলত্যাগ কোনো সাধারণ মতপার্থক্যের ফল নয়; বরং এর পেছনে রয়েছে ‘দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র’। তিনি আরও বলেন, যে দল চাড্ডাকে প্রতিষ্ঠা দিয়েছে এবং রাজ্যসভার সদস্য করেছে, সেই দলকেই এখন তিনি আক্রমণ করছেন।