প্লাস্টিক সার্জারি বিতর্কে মুখ খুললেন কেয়া পায়েল
আট বছরের বেশি সময় ধরে নাটকে অভিনয় করে দর্শকদের ভালোবাসা পাওয়া অভিনেত্রী কেয়া পায়েল সম্প্রতি ব্যক্তিগত জীবন ও শারীরিক পরিবর্তন নিয়ে ওঠা সমালোচনা প্রসঙ্গে মুখ খুলেছেন। সামাজিক মাধ্যমে দীর্ঘদিন ধরে তাকে নিয়ে প্লাস্টিক সার্জারির গুঞ্জন ছড়ালেও এতদিন এ বিষয়ে নীরব ছিলেন তিনি।
সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে কেয়া পায়েল বলেন, তিনি আগে কখনো বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলেননি। তার মতে, প্রত্যেক মানুষই স্বাভাবিকভাবেই সুন্দর এবং তিনি ছোটবেলা থেকেই নিজের সৌন্দর্য নিয়ে প্রশংসা পেয়ে বড় হয়েছেন। প্রাকৃতিক সৌন্দর্যকেই তিনি বেশি গুরুত্ব দেন বলেও জানান।
অভিনেত্রী বলেন, নিজের একটি বিউটি স্যালুন থাকায় সৌন্দর্যচর্চা ও গ্রুমিংয়ের প্রতি তার আগ্রহ সবসময়ই ছিল। সেই আগ্রহ থেকেই চেহারায় সামান্য কিছু পরিবর্তনের চিন্তা এসেছে। তবে এটি কখনোই সৌন্দর্য বাড়ানোর জন্য বড় কোনো সিদ্ধান্ত ছিল না।
তিনি আরও বলেন, “আমি যেমন আছি, তেমনই খুশি। শুধু ছোটখাটো কিছু পরিবর্তন করেছি। কিন্তু তাতেই ভক্তরা অনেক প্রতিক্রিয়া দেখিয়েছে। তখন মনে হয়েছে—আচ্ছা, আর করব না।”
বিদেশি তারকাদের ক্ষেত্রে এসব পরিবর্তনকে ‘গ্রুমিং’ হিসেবে দেখা হলেও দেশের শিল্পীদের ক্ষেত্রে সমালোচনা ও ট্রলের মুখে পড়তে হয়—এমন মন্তব্য করে কেয়া পায়েল বলেন, দেশের মানুষের মধ্যে হুজুগে মানসিকতা রয়েছে। অনেকেই না জেনে মন্তব্য করেন, যা শিল্পীদের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়ায়।