যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের শান্তি প্রস্তাবে অসন্তোষ, কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বশেষ শান্তি প্রস্তাব নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, তেহরানের প্রস্তাবে এমন কিছু শর্ত রয়েছে যা তিনি কোনোভাবেই মেনে নিতে পারবেন না।
শুক্রবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরান চুক্তি করতে আগ্রহী হলেও প্রস্তাবের কিছু দাবি তার কাছে গ্রহণযোগ্য নয়। তবে ঠিক কোন বিষয়গুলোতে আপত্তি রয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
এ সময় ট্রাম্প সতর্ক করে বলেন, তাড়াহুড়া করে যুদ্ধ শেষ করা ঠিক হবে না। এতে ভবিষ্যতে আবার নতুন করে বড় সংকট সৃষ্টি হতে পারে। তিনি আরও হুঁশিয়ারি দেন, আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নিতে পিছপা হবে না।
চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে ইতিমধ্যেই হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। এর প্রভাব পড়েছে বিশ্ব জ্বালানি বাজারেও।
বর্তমানে দুই পক্ষের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি থাকলেও স্থায়ী সমাধান এখনো অনিশ্চিত। কয়েক সপ্তাহ ধরে চলা আলোচনা কার্যত অচল হয়ে রয়েছে। ইসলামাবাদে দীর্ঘ বৈঠকেও কোনো কার্যকর অগ্রগতি হয়নি।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘাচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি হুমকিমূলক অবস্থান থেকে সরে আসে, তবে তেহরান আলোচনায় আগ্রহী।
বিশেষ করে পারমাণবিক কর্মসূচি ও হরমুজ প্রণালী নিয়ে দুই দেশের মধ্যে বড় ধরনের মতপার্থক্য এখনো বিদ্যমান। কূটনৈতিক প্রচেষ্টা চললেও প্রয়োজনে সামরিক পথ খোলা রাখার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।