‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ ঘিরে বিতর্ক: মুক্তির আগেই আপত্তি মৌসুমী-ওমর সানীর
চিত্রনায়িকা মৌসুমী অভিনীত ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ সিনেমাটি মুক্তির আগেই বিতর্কের মুখে পড়েছে। স্বামী রেখে বিদেশে গিয়ে এক নারীর দ্বিতীয় বিয়ে এবং তা ঘিরে জটিলতার গল্প নিয়ে নির্মিত এই কাজটি পরিচালনা করেছেন হাসান জাহাঙ্গীর।
তবে ছবিটি মুক্তির আগে এর বিষয়বস্তু ও নির্মাণ নিয়ে আপত্তি জানিয়েছেন মৌসুমী ও তার স্বামী, চিত্রনায়ক ওমর সানী।
রোববার প্রকাশিত এক ভিডিও বার্তায় ওমর সানী দাবি করেন, ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ আসলে সিনেমা নয়; এটি একটি নাটক হিসেবে যুক্তরাষ্ট্রে শুটিং করা হয়েছিল। তিনি বলেন, দর্শক মৌসুমীকে যেভাবে দেখতে অভ্যস্ত, এই কাজটি সেই ধারণার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এ কারণে তিনি এর মুক্তি বন্ধের দাবি জানান।
একই ভিডিওতে মৌসুমীও নিজের অবস্থান তুলে ধরেন। তিনি জানান, এটি মূলত এক ঘণ্টার নাটক হিসেবে নির্মাণ শুরু হয়েছিল। নির্মাতার অনুরোধে তিনি এতে অভিনয় করেন এবং কয়েকদিনের শুটিং সম্পন্ন করেন। পরে তাকে জানানো হয়, অতিরিক্ত ফুটেজ থাকার কারণে এটিকে টেলিফিল্ম হিসেবে মুক্তি দেওয়া হবে। সে অনুযায়ী পারিশ্রমিক নিয়েও আলোচনা হয়।
তবে বর্তমানে এটি সিনেমা হিসেবে মুক্তি পাচ্ছে বলে জানার পর বিস্ময় প্রকাশ করেন মৌসুমী। বিষয়টি নিয়ে ইতোমধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।