ইরানের সঙ্গে সমঝোতার আশাবাদ ট্রাম্পের, দ্রুত যুদ্ধ শেষ হওয়ার ইঙ্গিত
ইরানের সঙ্গে চলমান আলোচনা অত্যন্ত ইতিবাচক হয়েছে এবং খুব দ্রুত যুদ্ধের অবসান হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইরান অত্যন্ত আগ্রহ নিয়ে সমঝোতায় পৌঁছাতে চায়। সমঝোতা হলে তারা কোনো পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। তিনি আরও জানান, গত চব্বিশ ঘণ্টায় দুই পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং খুব শিগগিরই একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
মার্কিন গণমাধ্যম পাবলিক ব্রডকাস্টিং সার্ভিসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আগামী সপ্তাহে তার নির্ধারিত চীন সফরের আগেই সমঝোতা হতে পারে বলে তিনি আশাবাদী। তবে আলোচনা ব্যর্থ হলে আবারও হামলা শুরু হতে পারে বলেও সতর্ক করেন তিনি।
অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, তেহরান এখনো যুক্তরাষ্ট্রের প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দেয়নি। তবে দুই দেশের মধ্যে আদান-প্রদান হওয়া নথিগুলো পর্যালোচনা করা হচ্ছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের সংঘাত বন্ধে ট্রাম্প একাধিকবার আশাবাদ প্রকাশ করলেও এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি। ইরানের পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ এখনো বিদ্যমান।
যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হতো।