পশ্চিমবঙ্গে প্রথমবার সরকার গঠন করল বিজেপি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তার নেতৃত্বে প্রথমবারের মতো ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে সরকার গঠন করল।
গত ৪ মে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬–এর ফলাফলে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। দলটি ২০৭টি আসনে জয় পেয়ে প্রায় ১৫ বছরের তৃণমূল কংগ্রেস শাসনের অবসান ঘটায়।
শুক্রবার বিজেপির নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে শুভেন্দু অধিকারীকে পরিষদীয় দলনেতা নির্বাচিত করা হয়। পরে অমিত শাহ আনুষ্ঠানিকভাবে তাকে মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেন।
শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড–এ আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদি, অমিত শাহসহ বিজেপির শীর্ষ নেতারা এবং বিভিন্ন বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা।
নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবেও শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক ও ক্ষুদিরাম টুডু। রাজ্যপাল আর এন রবি–র উপস্থিতিতে শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়।
দীর্ঘদিন ধরেই রাজনৈতিক মহলে আলোচনা ছিল, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে শুভেন্দু অধিকারীকেই মুখ্যমন্ত্রী করা হবে। নির্বাচনে জয়ের পর সেই জল্পনাই বাস্তবে রূপ নেয়। অমিত শাহ জানান, পরিষদীয় দলনেতা নির্বাচনের সময় শুভেন্দু অধিকারীর নামই একমাত্র প্রস্তাব হিসেবে সামনে আসে এবং সর্বসম্মতিক্রমে তাকে নির্বাচিত করা হয়।