এসআইআর ইস্যুতে ৩১ আসনের ফল প্রভাবিত হওয়ার অভিযোগ তৃণমূলের, সুপ্রিম কোর্টে শুনানি
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) বা ভোটার তালিকা সংশোধনের কারণে বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়ায় অন্তত ৩১টি আসনের ফলাফল প্রভাবিত হয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস।
সোমবার (১১ মে) ভারতের সুপ্রিম কোর্টে শুনানির সময় তৃণমূলের সংসদ সদস্য ও সিনিয়র আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই দাবি তুলে ধরেন। তিনি জানান, ২০২১ সালের নির্বাচনে যে আসনগুলোতে তৃণমূল জয়ী হয়েছিল, এবার সেই ৩১টি আসনে জয় পেয়েছে বিজেপি।
এই মামলার শুনানি হয় প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে।
আদালত বিষয়টি নিয়ে পর্যবেক্ষণে জানায়, ভোটার তালিকা সংশোধনের কারণে নির্বাচনের ফলাফলে প্রভাব পড়েছে—এমন অভিযোগ করতে হলে পৃথকভাবে নির্দিষ্ট আবেদন দাখিল করতে হবে।
সেই সঙ্গে আদালত তৃণমূল কংগ্রেসকে এ বিষয়ে সুনির্দিষ্ট পিটিশন জমা দেওয়ার পরামর্শ দিয়েছে।