আজ শুরু হচ্ছে কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসর
বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসর আজ মঙ্গলবার ফ্রান্সের উপকূলীয় শহর কান-এ শুরু হচ্ছে। আগামী ২৩ মে পর্যন্ত চলবে এই আন্তর্জাতিক উৎসব।
উৎসবকে ঘিরে ইতোমধ্যেই উৎসবমুখর হয়ে উঠেছে ভূমধ্যসাগর তীরের ছোট্ট শহরটি। বিশ্বের খ্যাতিমান নির্মাতা, অভিনয়শিল্পী, প্রযোজক ও চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে কান আবারও পরিণত হয়েছে বিশ্ব সিনেমার মিলনমেলায়।
স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ‘পালে দে ফেস্টিভাল এ দে কঁগ্রে’ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। এর মধ্য দিয়েই শুরু হবে বহুল আলোচিত রেড কার্পেট আয়োজন, যেখানে অংশ নেবেন আন্তর্জাতিক অঙ্গনের তারকারা।
এবারের উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনায় থাকছেন ফরাসি অভিনেত্রী আইসা মাইগা। আর প্রধান প্রতিযোগিতা বিভাগের বিচারক মণ্ডলীর সভাপতির দায়িত্ব পালন করবেন দক্ষিণ কোরিয়ার খ্যাতিমান নির্মাতা পার্ক চান-উক।
উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছে ২১টি চলচ্চিত্র।