শি জিন পিংয়ের সঙ্গে বৈঠকে বেইজিংয়ে পৌঁছেছেন ট্রাম্প
চীনের প্রেসিডেন্ট শি জিন পিং–এর সঙ্গে বৈঠকে অংশ নিতে দেশটির রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার তথ্য অনুযায়ী, ২০১৭ সালের পর এটিই ট্রাম্পের প্রথম চীন সফর। স্থানীয় সময় বৃহস্পতিবার ও শুক্রবার বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির এই শীর্ষ নেতারা আনুষ্ঠানিক বৈঠকে বসবেন।
ধারণা করা হচ্ছে, বৈঠকের মূল আলোচ্য বিষয়গুলোর মধ্যে থাকবে বাণিজ্য সম্পর্ক, তাইওয়ান ইস্যু, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি এবং ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সামরিক অবস্থান।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই বৈঠক আন্তর্জাতিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনাও এ আলোচনায় উঠে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।