শুক্রবার , ১৫ মে ২০২৬
শুক্রবার , ১৫ মে ২০২৬
হোমসারা দেশফেনীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় নির্মাণশ্রমিক গ্রেপ্তার

ফেনীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় নির্মাণশ্রমিক গ্রেপ্তার

favicon
ভোরের আলো ডেস্ক:
ফেনীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় নির্মাণশ্রমিক গ্রেপ্তার

ফেনী সদর উপজেলায় প্রবাসীর স্ত্রী রিনা আক্তারকে হত্যার পর নির্মীয়মাণ বাড়িতে বালুচাপা দেওয়ার ঘটনায় নির্মাণশ্রমিক সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের যৌথ দল।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের নাসিরাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিকে নিয়ে তদন্তকারী দল ফেনীতে ফিরছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে উপজেলার শর্শদী ইউনিয়নের চোছনা গ্রামের প্রবাসী মানিক মিয়ার নির্মীয়মাণ বাড়িতে তার স্ত্রী রিনা আক্তারকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে মরদেহ বালুর নিচে চাপা দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

অভিযুক্ত সাইফুল একই এলাকার বাসিন্দা। স্থানীয়দের দাবি, তিনি নির্মাণশ্রমিকের পাশাপাশি সিএনজি অটোরিকশা চালাতেন এবং মাদকাসক্ত ছিলেন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী ফওজুল আজিম জানান, নিহতের বড় ছেলে আরজু বুধবার থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছিল আইনশৃঙ্খলা বাহিনী।