গাজায় হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
গাজাে এক বিমান হামলায় হামাস–এর শীর্ষ কমান্ডার ইজ আল-দীন আল-হাজ্জাজকে হত্যা করার দাবি করেছে ইসরায়েল।
শনিবার (১৬ মে) বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, শুক্রবারের ওই হামলায় তিনি প্রাণ হারান বলে দাবি তেলআবিবের। তবে হামাস এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
ইসরায়েলের দাবি অনুযায়ী, ইজ আল-দীন আল-হাজ্জাজ ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন। তাদের ভাষ্য মতে, গাজা সিটির আল-মুতাজ এলাকায় একটি আবাসিক ভবনে প্রথমে একযোগে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে ভবনটিতে ভয়াবহ আগুন ধরে যায়।
এরপর ভবন থেকে বের হওয়ার সময় একটি গাড়িকেও লক্ষ্য করে দ্বিতীয় দফায় হামলা চালানো হয় বলে দাবি করেছে ইসরায়েল। তাদের ভাষ্যমতে, প্রথম হামলায় তিনি আহত হন এবং পরে তাকে সরিয়ে নেওয়ার সময় আবারও আঘাত হানা হয়।
ইসরায়েলের আরও দাবি, এই হামলায় অন্তত ৭ জন ফিলিস্তিনি নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। ঘটনার সত্যতা নিয়ে স্বাধীনভাবে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।