৭ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সতর্কতা
দেশের সাতটি জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। সম্ভাব্য ঝড়ো আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
যেসব জেলায় এই পরিস্থিতি সৃষ্টি হতে পারে সেগুলো হলো—রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চল।
পূর্বাভাসে বলা হয়েছে, এসব এলাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। এতে সাময়িকভাবে স্বাভাবিক জনজীবন ও নৌযান চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক করা হয়েছে।