পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল ১৭ দোকান
নেছারাবাদ উপজেলার মিয়াহাট বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৭টি দোকান পুড়ে গেছে। শুক্রবার (১৫ মে) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, আগুন লাগার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর নেছারাবাদ ইউনিটের দুটি টিম। পরে পুলিশ, স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সহযোগিতায় প্রায় সাড়ে চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
বরিশাল বিভাগীয় ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম জানান, দাহ্য পদার্থ বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা একটি কীটনাশকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।
এ ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে বলে জানান অমিত দত্ত।
তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে বন্দর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।