সোমবার , ১৮ মে ২০২৬
সোমবার , ১৮ মে ২০২৬
হোমসারা দেশবান্দরবানের বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, অর্ধশতাধিক দোকান ও ঘর পুড়ে ছাই

বান্দরবানের বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, অর্ধশতাধিক দোকান ও ঘর পুড়ে ছাই

favicon
ভোরের আলো ডেস্ক:
বান্দরবানের বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, অর্ধশতাধিক দোকান ও ঘর পুড়ে ছাই

বান্দরবানের দুর্গম পাহাড়ি জনপদে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৬ মে) রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে বাঘমারা বাজারে আগুনের সূত্রপাত হয়।

এতে অর্ধশতাধিক দোকান ও বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ বাজার এলাকায় আগুনের লেলিহান শিখা দেখতে পান কয়েকজন বাসিন্দা। পরে মসজিদের মাইকে ঘোষণা দিলে আশপাশের মানুষ দ্রুত এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে বাজারের অধিকাংশ দোকান ও ঘরে দাহ্য সামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

খবর পেয়ে রোয়াংছড়ি ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পুরো বাজারের বড় অংশ পুড়ে যায়।

স্থানীয় সূত্রে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। আগুনে মুদি দোকান, কাপড়ের দোকান, খাবারের হোটেলসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘরের আসবাবপত্রসহ বিপুল পরিমাণ মালামাল ভস্মীভূত হয়েছে।

বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক আব্দুল মান্নান আনসারী বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।