কঙ্গোয় ইবোলা সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে, মৃত্যু অন্তত ৮০
মধ্য আফ্রিকার দেশ কঙ্গোয় আবারও ভয়াবহভাবে ছড়িয়ে পড়ছে ইবোলা ভাইরাস। নতুন প্রাদুর্ভাবে দেশটির ইতুরি প্রদেশে অন্তত ৮০ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি প্রতিবেশী উগান্ডাতেও সংক্রমণ ছড়িয়ে পড়েছে।
শনিবার (১৬ মে) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয়।
জানা গেছে, এবার দেশটিতে ছড়িয়ে পড়েছে ইবোলার বুন্দিবুগিও ধরন। এখন পর্যন্ত ২৪৬ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। উদ্বেগের বিষয় হলো, এই ধরনের ইবোলার বিরুদ্ধে এখনো কোনো অনুমোদিত টিকা নেই। আক্রান্তদের মধ্যে মৃত্যুহার প্রায় অর্ধেক পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইতুরি ছাড়াও উগান্ডা সীমান্তবর্তী কয়েকটি এলাকাতেও ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছে। একই সময়ে উগান্ডাতেও ইবোলার প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
এ পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৈশ্বিক স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। সংস্থাটি জানিয়েছে, বুন্দিবুগিও ধরনের ভাইরাস থেকেই এই প্রাদুর্ভাবের সৃষ্টি হয়েছে। তবে পরিস্থিতি এখনো বৈশ্বিক মহামারির পর্যায়ে পৌঁছায়নি।
তবে কঙ্গোর সঙ্গে স্থলসীমান্ত রয়েছে এমন দেশগুলোতে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ার উচ্চ ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে সংস্থাটি।