চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে কুপিয়ে ও পায়ের রগ কেটে আহত
চট্টগ্রামের সীতাকুণ্ডে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা জাকারিয়া হাসান জিলহানকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে ও পায়ের রগ কেটে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৬ মে) রাত ৮টা ১৫ মিনিটে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের সামনে পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি নিষিদ্ধ ছাত্রলীগের সীতাকুণ্ড ডিগ্রি কলেজ শাখার সহসভাপতি ছিলেন। তিনি ওই এলাকার মৃত হারুনের ছেলে।
আহত জাকারিয়ার এক স্বজন জানান, তিনি বর্তমানে ঢাকার একটি হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন বলেন, রাত ৯টার দিকে তাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। শরীরের বিভিন্ন স্থানে গুরুতর ক্ষত ছিল এবং পায়ের রগ কাটা ছিল বলে ধারণা করা হচ্ছে।