কঙ্গো-উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাব, আন্তর্জাতিক জরুরি অবস্থা ঘোষণা ডব্লিউএইচও’র
মধ্য আফ্রিকার দেশ কঙ্গো ও উগান্ডায় ছড়িয়ে পড়া নতুন ইবোলা প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক জনস্বাস্থ্যবিষয়ক জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে সংস্থাটি এখনো এটিকে মহামারি হিসেবে ঘোষণা করেনি।
রোববার (১৭ মে) আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ডব্লিউএইচও জানিয়েছে, এখন পর্যন্ত এই প্রাদুর্ভাবে প্রায় ৯০ জনের মৃত্যু হয়েছে। কঙ্গোর ইতুরি প্রদেশে শুরু হওয়া এ সংক্রমণ ইবোলার বিরল বান্ডিবুগিও স্ট্রেইনের কারণে ছড়াচ্ছে, যার বিরুদ্ধে এখনো কোনো অনুমোদিত টিকা বা নির্দিষ্ট চিকিৎসা নেই।
সংস্থাটি আরও জানায়, সংক্রমণ ইতোমধ্যে উগান্ডায় ছড়িয়ে পড়েছে এবং কঙ্গোর রাজধানীতেও নতুন রোগী শনাক্ত হওয়ায় আঞ্চলিক ঝুঁকি আরও বেড়েছে। তবে পরিস্থিতি এখনো বৈশ্বিক মহামারির মানদণ্ডে পৌঁছেনি বলে সতর্ক করেছে তারা।
এ অবস্থায় সীমান্ত বন্ধ বা বাণিজ্য নিষেধাজ্ঞা না দেওয়ার পরামর্শ দিয়েছে ডব্লিউএইচও।
আফ্রিকা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছে, শনিবার (১৬ মে) পর্যন্ত ৮৮ জনের মৃত্যু এবং ৩৩৬টি সন্দেহভাজন সংক্রমণ শনাক্ত হয়েছে। প্রাদুর্ভাবটি শুরু হয় মঙ্গওয়ালু নামের একটি খনিশিল্প এলাকায়।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, জনসংখ্যার চলাচল, দুর্বল স্বাস্থ্যব্যবস্থা এবং স্থানীয় সংঘাত পরিস্থিতি নিয়ন্ত্রণকে আরও জটিল করে তুলতে পারে।