চীন-মার্কিন শীর্ষ বৈঠকে উঠে এলো ‘থুসিডাইডিসের ফাঁদ’, যুদ্ধ এড়াতে শি’র সতর্কবার্তা
বিশ্ব রাজনীতিতে নতুন করে আলোচনায় এসেছে ‘থুসিডাইডিসের ফাঁদ’ নামের ঐতিহাসিক তত্ত্ব। সম্প্রতি চীন ও যুক্তরাষ্ট্রের শীর্ষ বৈঠকে এ প্রসঙ্গ তোলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি সতর্ক করে বলেন, দুই পরাশক্তির মধ্যে বাড়তে থাকা প্রতিযোগিতা যেন কোনোভাবেই সংঘাতে রূপ না নেয়।
চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে শি জিনপিং প্রাচীন গ্রিসের এথেন্স ও স্পার্টার মধ্যকার সংঘাতের উদাহরণ তুলে ধরেন। খ্রিস্টপূর্ব ৪৩১ সালের সেই যুদ্ধের প্রসঙ্গ এনে তিনি বোঝাতে চান, আধিপত্যের লড়াই ইতিহাসে যেমন ভয়াবহ পরিণতি ডেকে এনেছিল, বর্তমান বিশ্বেও একই ঝুঁকি বিদ্যমান।
‘থুসিডাইডিসের ফাঁদ’ ধারণাটি বিশ্বজুড়ে পরিচিতি পায় মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী গ্রাহাম অ্যালিসনের গবেষণার মাধ্যমে। তার লেখা ‘যুদ্ধের জন্য নির্ধারিত’ গ্রন্থে উঠে আসে, যখন একটি উদীয়মান শক্তি বিদ্যমান শক্তিধর রাষ্ট্রকে চ্যালেঞ্জ জানায়, তখন দুই পক্ষের মধ্যে সংঘাতের আশঙ্কা বেড়ে যায়।