জঙ্গল সলিমপুরে গড়ে উঠছে দুটি পুলিশ একাডেমি, বাড়ছে উন্নয়ন পরিকল্পনা
চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় দুটি পুলিশ একাডেমি নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। একসময় সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত এই অঞ্চলে যৌথ বাহিনীর অভিযান শেষে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর নেওয়া হচ্ছে একাধিক উন্নয়ন পরিকল্পনা। পাশাপাশি সেখানে কারাগারসহ বিভিন্ন সরকারি স্থাপনা নির্মাণের কথাও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কিছুদিন আগেও জঙ্গল সলিমপুর ছিল আইনশৃঙ্খলা বাহিনীর জন্য দুর্গম এলাকা। প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে থাকায় অঞ্চলটিকে অনেকেই ‘দেশের ভেতর আরেক দেশ’ বলে উল্লেখ করতেন। গত মার্চ মাসে যৌথ বাহিনীর প্রায় চার হাজার সদস্যের অভিযানের মাধ্যমে এলাকাটি সন্ত্রাসমুক্ত করা হয়। এরপর পরিস্থিতির পরিবর্তন শুরু হয়।
প্রায় তিন হাজার ১০০ একর আয়তনের এই এলাকায় এবার দুটি পুলিশ একাডেমি স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম জানিয়েছেন, পুলিশ সপ্তাহে স্বরাষ্ট্রমন্ত্রী জঙ্গল সলিমপুরকে ঘিরে বিশেষ পরিকল্পনার কথা তুলে ধরেছেন। সেই পরিকল্পনার অংশ হিসেবেই সেখানে দুটি পুলিশ একাডেমি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
অন্যদিকে রাউজানসহ জেলার বিভিন্ন এলাকায় অপরাধ পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন নতুন পুলিশ সুপার। তিনি বলেন, চব্বিশের ৫ আগস্টের পর থেকে রাউজানে ধারাবাহিক হত্যাকাণ্ড, অবৈধ অস্ত্রের ব্যবহার, চাঁদাবাজি এবং অপহরণের ঘটনা বেড়েছে।
এসব অপরাধ দমনে সেনাবাহিনী, র্যাব এবং গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয়ে বড় ধরনের অভিযান পরিচালনার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।