ইরানে হামলা স্থগিত করলেন ট্রাম্প, মতবিরোধে আটকে শান্তি সমঝোতা
মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর অনুরোধে ইরানে নতুন করে বড় ধরনের হামলার পরিকল্পনা আপাতত স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। সোমবার এ ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প জানান, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে তেহরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা এখনো রয়েছে। একই সঙ্গে তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলে পাল্টা হামলার হুমকির কারণে মিত্র দেশগুলো নতুন সামরিক অভিযান থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে।
বর্তমানে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি চলছে। গত ৮ এপ্রিল কার্যকর হওয়া অস্থায়ী যুদ্ধবিরতির পর বড় ধরনের সংঘর্ষ কমে এলেও স্থায়ী শান্তিচুক্তি এখনো অনিশ্চিত রয়ে গেছে। কারণ, সম্ভাব্য সমঝোতার শর্ত নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ রয়েছে।
এদিকে উপসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। সৌদি আরব তিনটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় অঞ্চলজুড়ে নিরাপত্তা উদ্বেগ আরও বেড়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ইরানের জন্য সময় দ্রুত শেষ হয়ে আসছে এবং দ্রুত সিদ্ধান্ত না নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তবে আরেকটি বার্তায় তিনি জানান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতাদের অনুরোধে আপাতত হামলার পরিকল্পনা স্থগিত রাখা হয়েছে।
তবে তিনি সতর্ক করে বলেন, সন্তোষজনক কোনো চুক্তি না হলে খুব অল্প সময়ের মধ্যেই ইরানের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযান চালানোর প্রস্তুতি রয়েছে।