হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, সিক্রেট সার্ভিসের গুলিতে সন্দেহভাজন নিহত
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের কাছে গোলাগুলির ঘটনায় সিক্রেট সার্ভিসের গুলিতে এক সন্দেহভাজন ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার রাতের এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, হোয়াইট হাউসের নিরাপত্তা চৌকির কাছে সন্দেহজনক আচরণ করতে দেখা যায় এক ব্যক্তিকে। পরে তিনি হঠাৎ অস্ত্র বের করে গুলি চালাতে শুরু করলে নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস সদস্যরা পাল্টা গুলি চালান। এতে ঘটনাস্থলেই ওই সন্দেহভাজন গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সময় হোয়াইট হাউস এলাকায় থাকা সাংবাদিক, পর্যটক ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে পুরো এলাকা সাময়িকভাবে ঘিরে ফেলা হয় এবং চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত ব্যক্তি এর আগেও নিরাপত্তা বাহিনীর নজরদারিতে ছিলেন। আইনশৃঙ্খলা বাহিনী তার পরিচয়, উদ্দেশ্য এবং ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখছে।