নিজেকে ‘যিশুর আধুনিক অবতার’ দাবি করা তরুণ নিহত, হোয়াইট হাউসের বাইরে গোলাগুলি
যুক্তরাষ্ট্রের White House–এর বাইরে গোলাগুলির ঘটনায় সিক্রেট সার্ভিসের গুলিতে নিহত হয়েছেন ২১ বছর বয়সী নাসির বেস্ট নামের এক তরুণ। রবিবার (২৪ মে) ভোরে হোয়াইট হাউসের নিরাপত্তা চৌকিতে এ ঘটনা ঘটে।
মার্কিন সংবাদমাধ্যম New York Post জানিয়েছে, মেরিল্যান্ডের বাসিন্দা নাসির বেস্ট নিজেকে ‘যিশু খ্রিস্টের আধুনিক অবতার’ বলে দাবি করতেন এবং দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।
প্রতিবেদনে বলা হয়, নাসির এর আগেও একাধিকবার হোয়াইট হাউসের সংরক্ষিত এলাকায় প্রবেশের চেষ্টা করে গ্রেপ্তার হয়েছিলেন। গত বছর একবার আটক হওয়ার পর তিনি পুলিশকে বলেছিলেন, তিনি ইচ্ছাকৃতভাবে গ্রেপ্তার হতে চেয়েছিলেন। এরপর আদালত তার বিরুদ্ধে হোয়াইট হাউসের আশপাশে না যাওয়ার নির্দেশ দেন।
তবে রবিবার ভোরে সেই নির্দেশ অমান্য করে তিনি আবারও হোয়াইট হাউস এলাকায় প্রবেশ করেন। অভিযোগ রয়েছে, একটি ব্যাগ থেকে বন্দুক বের করে তিনি নিরাপত্তা চেকপয়েন্ট লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন।