স্পেনের প্রধানমন্ত্রী সানচেজের পদত্যাগ দাবিতে মাদ্রিদে ব্যাপক বিক্ষোভ
স্পেন-এর প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ-এর সরকারের বিরুদ্ধে একের পর এক দুর্নীতি কেলেঙ্কারির অভিযোগকে কেন্দ্র করে রাজধানী মাদ্রিদে ব্যাপক বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা তার পদত্যাগের দাবি জানান।
শনিবার (২৩ মে) “মার্চ ফর ডিগনিটি” বা “মর্যাদার পদযাত্রা” শীর্ষক এই বিক্ষোভে হাজার হাজার মানুষ অংশ নেন। সমাবেশটি মূলত শান্তিপূর্ণভাবে শুরু হলেও কিছু এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত সাতজন পুলিশ কর্মকর্তা আহত হন বলে জানা গেছে।
স্প্যানিশ সিভিল সোসাইটি অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই গণবিক্ষোভে দেশটির প্রধান বিরোধী দল পিপলস পার্টি এবং কট্টর ডানপন্থী দল ভক্স-এর শীর্ষ নেতারাও অংশ নেন।
বিক্ষোভকারীরা স্পেনের জাতীয় পতাকা হাতে নিয়ে এবং বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার প্রদর্শন করে সরকারের বিরুদ্ধে অবস্থান জানান দেন। তারা “সরকারের দুর্নীতি বন্ধ করো” এবং “সমাজতান্ত্রিক মাফিয়ার পদত্যাগ চাই” সহ নানা স্লোগান দেন বলে জানা যায়।