প্রিন্স’ সিনেমার ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করল সার্টিফিকেশন বোর্ড
‘প্রিন্স : ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমার ওপর আরোপিত স্থগিতাদেশ তুলে নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। এর ফলে সিনেমাটির প্রদর্শনে আর কোনো আইনি বাধা থাকছে না।
অনুমোদনবিহীন কিছু দৃশ্য ও গান প্রদর্শনের অভিযোগে গত ৬ মে সিনেমাটির সার্টিফিকেশন সনদ স্থগিত করা হয়েছিল। পরে বিষয়টি নিয়ে আলোচনা ও নির্ধারিত শর্ত পূরণের পর বোর্ড নতুন সিদ্ধান্ত নেয়।
সার্টিফিকেশন বোর্ডের উপপরিচালক মঈনউদ্দীন জানান, সংশ্লিষ্ট প্রযোজনা প্রতিষ্ঠান সার্টিফিকেশনবিহীন কোনো দৃশ্য বা গান প্রদর্শন করবে না—এ মর্মে মুচলেকা দিয়েছে। সেই ভিত্তিতেই স্থগিতাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। এছাড়া আরও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু।