পেন্টাগনের প্রেস অফিসে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন তাদের প্রেস অফিসে সাংবাদিকদের প্রবেশের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। সামরিক ও সরকারি কার্যক্রমে গণমাধ্যমের প্রবেশাধিকার সীমিত করার ধারাবাহিক পদক্ষেপের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (১ জুন) ভারপ্রাপ্ত পেন্টাগন প্রেস সেক্রেটারি জোয়েল ভালদেজ জানান, প্রেস অফিসটিকে ‘সেন্সিটিভ কমপার্টমেন্টেড ইনফরমেশন ফ্যাসিলিটি’ (এসসিআইএফ) হিসেবে পুনর্নির্ধারণ করা হয়েছে। এই অফিসে এমন স্পিচরাইটাররা কাজ করেন, যারা নিয়মিতভাবে শ্রেণিবদ্ধ সরকারি তথ্য ব্যবহার করেন এবং নিরাপদ কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশাধিকার রাখেন।
তিনি বলেন, নিরাপত্তাজনিত কারণে ওই এলাকায় সাংবাদিকদের প্রবেশ আর অনুমোদিত হবে না। তবে প্রতিরক্ষা সচিবের জনসংযোগ দফতর এবং প্রেস সেক্রেটারির অফিসে প্রবেশ সম্পূর্ণ বন্ধ করা হয়নি। সাংবাদিকদের সেখানে যেতে হলে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।
নতুন এই সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্রে সরকারি প্রতিষ্ঠানে গণমাধ্যমের প্রবেশাধিকার সীমিত করার সাম্প্রতিক পদক্ষেপগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এর ফলে পেন্টাগনের কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের সরাসরি তথ্য সংগ্রহের সুযোগ আরও সীমিত হতে পারে।