দক্ষিণী থেকে বলিউড: পারিশ্রমিকের শীর্ষে রাশমিকা মান্দানা
দক্ষিণী সিনেমা থেকে বলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই এখন সমান জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। নির্মাতা ও প্রযোজকদের কাছে তিনি বর্তমানে অন্যতম চাহিদাসম্পন্ন তারকা হিসেবে বিবেচিত হচ্ছেন।
জনপ্রিয়তার পাশাপাশি তাঁর পারিশ্রমিকও দ্রুত বেড়েছে বলে বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে জানা গেছে।
কন্নড় চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন রাশমিকা। তবে ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’-এ শ্রীভল্লী চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক পরিচিতি পান। ছবিটিতে তাঁর বিপরীতে ছিলেন আল্লু অর্জুন। তাঁদের অনস্ক্রিন জুটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং সিনেমাটি তাকে রাতারাতি তারকাখ্যাতির শীর্ষে পৌঁছে দেয়।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হচ্ছে, বর্তমানে একটি সিনেমার জন্য রাশমিকা প্রায় ১৫ কোটি রুপি পর্যন্ত পারিশ্রমিক নিচ্ছেন। যদিও এ বিষয়ে তিনি আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।
টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘পুষ্পা’ ছবির প্রথম কিস্তিতে তিনি প্রায় ২ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন। পরবর্তীতে ছবির বিশাল সাফল্যের পর তাঁর পারিশ্রমিক বেড়ে একটি সিনেমার জন্য প্রায় ৩ কোটি রুপিতে দাঁড়ায়।
বর্তমানে রাশমিকা মান্দানা ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রী হিসেবে কাজ করছেন।