গ্রাহকসেবা বন্ধ করলে ব্যবস্থা, কর্মকর্তাদের সতর্ক করল ইসলামী ব্যাংক
কর্মকর্তাদের এক ঘণ্টার কলম বিরতি পালনের আহ্বানকে কেন্দ্র করে গ্রাহকসেবা ব্যাহত না করার নির্দেশনা দিয়েছে ইসলামী ব্যাংক। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো কর্মকর্তা সেবা প্রদান থেকে বিরত থাকলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (৪ জুন) ব্যাংকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হুসাইন এ কথা জানান।
তিনি বলেন, গ্রাহকসেবা বন্ধ রাখার বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। কোনো কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে সেবা প্রদান না করলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে ‘সচেতন গ্রাহক ফোরাম’ নামে একটি প্ল্যাটফর্ম ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের এক ঘণ্টার কলম বিরতি পালনের আহ্বান জানায়। ওই আহ্বানে সাড়া দিয়ে কয়েকটি শাখার কিছু কর্মকর্তা কর্মবিরতি পালন করছেন বলে জানা গেছে।
আলতাফ হুসাইন বলেন, গ্রাহকদের সেবা দেওয়া ব্যাংকের প্রধান দায়িত্ব। কোনো ধরনের সেবা বিঘ্নিত হওয়া গ্রহণযোগ্য নয়। তবে দেশের সব শাখার পরিস্থিতি তাৎক্ষণিকভাবে প্রধান কার্যালয় থেকে পর্যবেক্ষণ করা সবসময় সম্ভব হয় না।
ব্যাংক থেকে গ্রাহকদের অর্থ উত্তোলনের চাপ প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন কারণে অর্থ উত্তোলনের হার কিছুটা বেড়েছে। তবে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে এবং উদ্বেগের কোনো কারণ সৃষ্টি হয়নি।
সম্প্রতি ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করে সচেতন গ্রাহক ফোরাম। একই কর্মসূচি থেকে ব্যাংকের কর্মকর্তাদের প্রতীকী কলম বিরতি পালনের আহ্বান জানানো হয়।