শুক্রবার , ০৫ জুন ২০২৬
শুক্রবার , ০৫ জুন ২০২৬
হোমবিশ্বযুদ্ধবিরতি সত্ত্বেও দক্ষিণ লেবাননে অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরায়েলের

যুদ্ধবিরতি সত্ত্বেও দক্ষিণ লেবাননে অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরায়েলের

favicon
ভোরের আলো ডেস্ক:
যুদ্ধবিরতি সত্ত্বেও দক্ষিণ লেবাননে অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরায়েলের

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হলেও নির্দিষ্ট কিছু অঞ্চলে তা কার্যকর না করার ইঙ্গিত দিয়েছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে তাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, হিজবুল্লাহকে লিতানি নদীর দক্ষিণাঞ্চল থেকে সরিয়ে না দেওয়া পর্যন্ত সামরিক অভিযান চলবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচাই আদ্রাই জানান, দক্ষিণ লেবাননে অভিযান এখনো চলছে এবং সেনারা হিজবুল্লাহর অবকাঠামো ও অবস্থান লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে। তিনি ওই এলাকার বাসিন্দাদের জাহরানি নদীর দক্ষিণে না যাওয়ার সতর্কতা দেন।

প্রতিরক্ষামন্ত্রী কাটজ আরও বলেন, বৈরুতের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তি এখনো শর্তসাপেক্ষ এবং এটি নির্ভর করছে দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহ যোদ্ধাদের সরে যাওয়ার ওপর।

এদিকে যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় বিমান হামলা ও গোলাবর্ষণের ঘটনা অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্যমতে, কিছু এলাকায় ড্রোন ও যুদ্ধবিমান নিচু দিয়ে উড়তে দেখা গেছে।

লেবাননের একাধিক শহরে হামলায় হতাহতের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। পরিস্থিতি ঝুঁকিপূর্ণ থাকায় সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ সাধারণ মানুষকে দক্ষিণাঞ্চলে না ফেরার আহ্বান জানিয়েছে।

এর আগে সংঘাত চলাকালে উভয় পক্ষ একে অপরের ওপর হামলার অভিযোগ তোলে, যা সীমান্ত অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে তোলে।