যুক্তরাষ্ট্র উত্তেজনা কমাতে আগ্রহী নয়, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ইরানের
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র অঞ্চলটির উত্তেজনা কমানো বা স্থিতিশীলতা ফিরিয়ে আনার কোনো লক্ষণ দেখাচ্ছে না। বরং তাদের সাম্প্রতিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও ঝুঁকির মুখে ফেলছে।
শনিবার এক বিবৃতিতে ইরান দাবি করে, দেশটির সিরিক অঞ্চল ও কিশম দ্বীপে অবস্থিত উপকূলীয় রাডার এবং নজরদারি স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ ধরনের সামরিক পদক্ষেপ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করছে। একই সঙ্গে এসব ঘটনার দায় ও সম্ভাব্য পরিণতির সম্পূর্ণ দায়িত্ব যুক্তরাষ্ট্রকেই বহন করতে হবে বলে উল্লেখ করা হয়।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরান আন্তর্জাতিক আইন ও পারস্পরিক সম্মান বজায় রাখার আহ্বান জানিয়েছে। পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে, যেন কোনো রাষ্ট্র তাদের ভূখণ্ড বা অবকাঠামো ব্যবহার করে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করতে না পারে।
এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সাম্প্রতিক দিনগুলোতে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপের কারণে অঞ্চলে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে।