বিদ্যুতের দাম বৃদ্ধিতে অস্তিত্ব সংকটে দেশের স্টিল শিল্প, মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি
সাম্প্রতিক বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে উৎপাদন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় দেশের স্টিল শিল্প চরম সংকটের মুখে পড়েছে বলে দাবি করেছে বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন (বিএসএমএ)। সংগঠনটি অবিলম্বে বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার করে আগের ট্যারিফ পুনর্বহালের দাবি জানিয়েছে।
সোমবার (৮ জুন) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএসএমএ’র সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ দাবি তুলে ধরেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, নতুন বিদ্যুৎ ট্যারিফের কারণে প্রতি মেট্রিক টন স্টিল উৎপাদনে শুধু বিদ্যুৎ খাতেই অতিরিক্ত প্রায় এক হাজার ৭৮৫ টাকা ব্যয় হবে। ভ্যাট, বন্দর চার্জ, জ্বালানি, পরিবহন ব্যয়, ফেরো-অ্যালয় এবং অন্যান্য উপকরণের মূল্যবৃদ্ধি যুক্ত হলে মোট অতিরিক্ত ব্যয় প্রতি মেট্রিক টনে প্রায় তিন হাজার ৫৬০ টাকায় পৌঁছাতে পারে।
তিনি জানান, নির্মাণ খাতে দীর্ঘস্থায়ী মন্দা, বাজারে চাহিদা হ্রাস, উচ্চ সুদের হার, টাকার অবমূল্যায়ন, ডলার সংকট, এলসি খোলার জটিলতা, কার্যকরী মূলধনের ঘাটতি এবং গ্যাস সরবরাহ সংকটের কারণে স্টিল শিল্প আগে থেকেই কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে।
বিএসএমএ’র তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে প্রায় ৪০টি আধুনিক স্টিল মিল এবং ১৫০টির বেশি রি-রোলিং মিল রয়েছে। এসব প্রতিষ্ঠানের সম্মিলিত বার্ষিক উৎপাদন সক্ষমতা প্রায় ১ কোটি ২২ লাখ মেট্রিক টন হলেও দেশের বর্তমান চাহিদা মাত্র প্রায় ৫০ লাখ মেট্রিক টন। ফলে অধিকাংশ কারখানাকে তাদের সক্ষমতার অর্ধেকেরও কম ব্যবহার করে উৎপাদন চালাতে হচ্ছে।
সংগঠনটি আরও জানায়, বৃহৎ স্টিল কারখানাগুলো সরাসরি উচ্চ ও অতিউচ্চ ভোল্টেজ বিদ্যুৎ লাইনের গ্রাহক। নিজস্ব অর্থায়নে সাবস্টেশন, ট্রান্সফরমার ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করায় এসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে সিস্টেম, ট্রান্সমিশন বা ডিস্ট্রিবিউশন লস প্রায় নেই বললেই চলে। তবুও ডিমান্ড চার্জ, পাওয়ার ফ্যাক্টর চার্জ, ভ্যাট এবং অন্যান্য ফি শিল্পখাতের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।