ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল; ইসরায়েলি গণমাধ্যমের দাবি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর অনুরোধে ইরানের ভূখণ্ডে চলমান সামরিক হামলা আপাতত স্থগিত করেছে ইসরায়েল—এমন দাবি করেছে ইসরায়েলের শীর্ষস্থানীয় গণমাধ্যম চ্যানেল ১২।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর বরাতে এক উচ্চপদস্থ ইসরায়েলি কর্মকর্তা জানান, ট্রাম্পের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে ইরানের ওপর সামরিক অভিযান সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে এই প্রতিবেদনটির সত্যতা এখনো স্বাধীন কোনো সূত্র থেকে নিশ্চিত করা যায়নি বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে হামলা স্থগিত করা হলেও ইসরায়েল তার কৌশলগত অবস্থান পরিবর্তন করেনি। বিশেষ করে লেবানন সীমান্তে সামরিক অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও দাবি করেন, দক্ষিণ লেবাননে আগামী দিনগুলোতে ইসরায়েলি বাহিনীর অভিযান আরও জোরালো হতে পারে।