বুধবার , ১০ জুন ২০২৬
বুধবার , ১০ জুন ২০২৬
হোমবিশ্বউড্ডয়ন নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইরানের আকাশসীমা ও বিমান চলাচল স্বাভাবিক

উড্ডয়ন নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইরানের আকাশসীমা ও বিমান চলাচল স্বাভাবিক

favicon
ভোরের আলো ডেস্ক:
উড্ডয়ন নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইরানের আকাশসীমা ও বিমান চলাচল স্বাভাবিক

ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সামরিক উত্তেজনার পর জারি করা সব ধরনের উড্ডয়ন নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ইরান। দেশের আকাশসীমাকে নিরাপদ ঘোষণা করে সব বিমানবন্দর থেকে পুনরায় ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

সোমবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে বেসামরিক বিমান চলাচল সংস্থার কর্মকর্তা আবুজার শিরুদি জানান, সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় এবং নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার পর বিমান চলাচলের ওপর আরোপিত সব বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে।

তিনি বলেন, পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী দেশের বিমান চলাচল কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে এবং যাত্রীদের জন্য বিমানবন্দরগুলো পুনরায় চালু করা হয়েছে।

এর আগে সোমবার সকালে ইসরায়েলের দিকে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। সম্ভাব্য পাল্টা হামলা এবং আকাশপথের নিরাপত্তা নিশ্চিত করতে ইরান সাময়িকভাবে দেশের সব বিমানবন্দর থেকে ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় এবং আকাশসীমাও সীমিত করে।

তবে পরিস্থিতি স্থিতিশীল হওয়ার পর কয়েক ঘণ্টার মধ্যেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় তেহরান। এর ফলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উড়োজাহাজ চলাচল আবারও স্বাভাবিক হতে শুরু করেছে।

বিশ্লেষকদের মতে, বিমান চলাচল পুনরায় চালুর সিদ্ধান্ত ইঙ্গিত দিচ্ছে যে ইরান আপাতত আকাশপথে তাৎক্ষণিক কোনো বড় নিরাপত্তা ঝুঁকি দেখছে না এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে মনে করছে।