উন্নয়ন ব্যয়ে গতি আনতে নতুন কৌশল, ৩১৪ প্রকল্প শেষ ও ৮০ প্রকল্প পিপিপিতে দেওয়ার পরিকল্পনা
ক্রমবর্ধমান পরিচালন ব্যয় ও অর্থনৈতিক চাপের মধ্যে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে নতুন কৌশল নিতে যাচ্ছে সরকার। আগামী বাজেটকে সামনে রেখে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা প্রকল্পগুলো দ্রুত শেষ করা, বিনিয়োগের সর্বোচ্চ সুফল নিশ্চিত করা এবং উন্নয়ন ব্যয়ের কার্যকারিতা বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে।
নীতিনির্ধারকদের পরিকল্পনা অনুযায়ী, চলতি জুন মাসের মধ্যেই ৩১৪টি চলমান প্রকল্প সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রকল্পের জন্য প্রয়োজনীয় অর্থ দ্রুত ছাড়ের ব্যবস্থাও করা হচ্ছে। পাশাপাশি প্রায় ৮০টি প্রকল্প পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কাঠামোর আওতায় বাস্তবায়নের চিন্তা করা হচ্ছে।
নতুন উন্নয়ন কৌশলে জলবায়ু পরিবর্তন মোকাবিলাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে প্রকল্প তদারকি ও মূল্যায়ন আরও কার্যকর করতে ডিজিটাল প্রজেক্ট প্রসেসিং সিস্টেম (পিপিএস) চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. মনজুর হোসেন জানান, বিভিন্ন মন্ত্রণালয়ের বিচ্ছিন্ন প্রকল্পগুলোকে সমন্বিত কর্মসূচির আওতায় এনে ফলাফলভিত্তিক মনিটরিং জোরদার করা হবে। তিনি বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী খুব প্রয়োজন ছাড়া উচ্চ ব্যয়ের প্রকল্প গ্রহণ করা হবে না এবং ‘ভ্যালু ফর মানি’ ও বিনিয়োগের সর্বোচ্চ প্রতিফলন নিশ্চিত করেই প্রকল্প নির্বাচন করা হবে।
এবার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের ক্ষেত্রেও কঠোরতা আনা হচ্ছে। অনুমোদিত খাতের বাইরে কোনো প্রকল্পের অর্থ অন্য খাতে ব্যয় করা যাবে না। এ বিষয়ে সব মন্ত্রণালয় ও বিভাগকে পাবলিক মানি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া বিদেশি ঋণনির্ভর প্রকল্পে সরকারের সমপরিমাণ অর্থায়ন বা ম্যাচিং ফান্ড নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে। বড় প্রকল্প গ্রহণের আগে বাধ্যতামূলকভাবে প্রাক-সমীক্ষা সম্পন্ন করার নীতিও অনুসরণ করা হবে।
অর্থনীতিবিদরা মনে করছেন, প্রকল্প বাতিল বা পুনর্বিন্যাসের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান বলেন, যেসব প্রকল্প বাদ দেওয়া হবে, সেগুলোর কারণ জনসমক্ষে তুলে ধরে জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন।
উল্লেখ্য, সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় প্রায় ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) চূড়ান্ত করা হয়েছে। বাজেট অধিবেশনে এর আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হবে।