পাবনায় রিয়া খাতুন হত্যাকাণ্ডের পর অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু
পাবনায় নবম শ্রেণির ছাত্রী রিয়া খাতুন হত্যাকাণ্ডের পর অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ আরও তিনজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ও মঙ্গলবার সকালের মধ্যে তাদের মৃত্যু হয় বলে হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে।
মৃতদের মধ্যে সোমবার বিকেলে একজন এবং মঙ্গলবার সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আরও দু’জনের মৃত্যু হয়। নিহতরা হলেন পাবনা সদর উপজেলার পূর্ব রাঘবপুর এলাকার সুমন শেখ, নতুন পাড়া এলাকার সাইফুল ইসলাম সাব্বির এবং একই এলাকার সাপু।
স্থানীয় সূত্র জানায়, বুধবার পাবনা সদরের ভাঁড়ারা এলাকায় পদ্মা নদীর তীর থেকে বস্তাবন্দী অবস্থায় স্কুলছাত্রী রিয়া খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এবং পুলিশ অভিযানে রিয়ার চাচাতো ভাইসহ তিনজনকে আটক করে।
পরবর্তীতে দাফনের পর উত্তেজিত স্থানীয়রা অভিযুক্তদের বাড়িঘরে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করেন। এ সময় একটি ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে, যাতে আশপাশে থাকা বেশ কয়েকজন গুরুতর দগ্ধ হন।
পুলিশ জানায়, দগ্ধ হয়ে নিহত ব্যক্তিরা রিয়া হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন না। তারা ঘটনাস্থলের আশপাশে উৎসুক জনতা হিসেবে উপস্থিত ছিলেন।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়েছে।