মার্কিন হামলার জবাবে ‘ভয়াবহ প্রতিক্রিয়ার’ হুঁশিয়ারি ইরানের
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পর কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেছেন, ইরানের ওপর যেকোনো হামলার জবাব শক্তভাবে দেওয়া হবে এবং এর পরিণতি হবে গুরুতর।
মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টায় মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের বিরুদ্ধে একটি ‘আত্মরক্ষামূলক’ সামরিক অভিযান শুরু করে। মার্কিন প্রশাসনের দাবি, তাদের একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনার জবাব হিসেবেই প্রেসিডেন্টের নির্দেশে এই অভিযান পরিচালিত হয়।
হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, যুদ্ধক্ষেত্রে ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানের দৃঢ়তা পরীক্ষা করার চেষ্টা করছে। তবে ইরানের সশস্ত্র বাহিনী কোনো হামলা বা হুমকিকে জবাবহীন রাখবে না।
তিনি আরও সতর্ক করে বলেন, যারা নিরাপদ থাকতে চায়, তাদের এই অঞ্চল ত্যাগ করা উচিত।
সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, প্রথম দফায় হরমুজ প্রণালির আশপাশে অবস্থিত ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাডার স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়।
অন্যদিকে সেন্টকমের দাবি, এটি ইরানের কথিত ‘অযৌক্তিক আগ্রাসনের’ বিরুদ্ধে একটি প্রতিক্রিয়ামূলক পদক্ষেপ। যুক্তরাষ্ট্রের ভাষ্য অনুযায়ী, তাদের সামরিক বাহিনী ও জাতীয় স্বার্থ সুরক্ষার উদ্দেশ্যেই এই অভিযান পরিচালিত হয়েছে।