যুক্তরাষ্ট্রের হামলার পর উপসাগরীয় অঞ্চলে ইরানের পাল্টা আক্রমণের দাবি
যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান বাহরাইন, কুয়েত ও জর্ডানে মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে বলে দাবি করেছে তেহরান। এর ফলে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, হরমুজ প্রণালিতে একটি সামরিক হেলিকপ্টার ভূপাতিত করার অভিযোগের পর যুক্তরাষ্ট্র ইরানের ভেতরে হামলা চালায়। ওই হামলার প্রতিক্রিয়ায় ইরান বাহরাইনে অবস্থানরত মার্কিন পঞ্চম নৌবহরকে লক্ষ্য করে আক্রমণ চালানোর দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
একই সঙ্গে কুয়েত ও জর্ডানে থাকা মার্কিন ঘাঁটিগুলোতেও হামলা চালানো হয়েছে বলে জানায় ইরান। কুয়েতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে এবং আকাশে শনাক্ত লক্ষ্যবস্তু প্রতিহত করার চেষ্টা চলছে বলে দেশটির সামরিক বাহিনী জানায়। নিরাপত্তাজনিত কারণে দেশটিতে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়।
বাহরাইনে সাইরেন বাজানোর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের সতর্ক থাকার এবং নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানায়। একই ধরনের সতর্কতা কুয়েতেও জারি করা হয়।
আইআরজিসির দাবি, তারা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে জর্ডানের আল-আজরাক এলাকায় একটি মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে জর্ডানের পক্ষ থেকে এখনো কোনো বিমান হামলার সাইরেন বা ক্ষয়ক্ষতির বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এদিকে যুক্তরাষ্ট্র বা বাহরাইনের পক্ষ থেকেও ইরানের এসব দাবির বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। ফলে হামলা ও ক্ষয়ক্ষতির বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য যাচাই করা সম্ভব হয়নি।
সূত্র অনুযায়ী, চলমান পাল্টাপাল্টি হামলার ঘটনায় উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।