দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে, ভরিতে ৬ হাজার ৫৯১ টাকা হ্রাস
দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৬ হাজার ৫৯১ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দামে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) এখন ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (১০ জুন) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায় বাজুস। নতুন দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমে যাওয়ায় সংগঠনের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন দামে ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ লাখ ১২ হাজার ৬৩৫ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৪২৪ টাকা।
বাজুস আরও জানিয়েছে, ক্রেতাদের কাছ থেকে নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট সরকারী কোষাগারে জমা দিতে হবে। পাশাপাশি অলংকারের ডিজাইন ও মান অনুযায়ী আলাদা মজুরিও প্রযোজ্য হবে।