ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগসহ সাত দফা দাবি জানিয়ে অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দিয়েছে ব্যাংকটির সচেতন গ্রাহক ফোরাম।
বুধবার সকাল ১১টায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। পরে সচিবালয়ের উদ্দেশ্যে যাত্রা করলে পল্টন এলাকায় পুলিশ তাদের বাধা দেয়। এ সময় তারা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
পরবর্তীতে আন্দোলনকারীদের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়ে অর্থমন্ত্রীর দফতরে স্মারকলিপি জমা দেয়।
স্মারকলিপিতে চেয়ারম্যান খুরশীদ আলম ও তার স্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরা হয়। পাশাপাশি বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে অভিজ্ঞ ও যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানানো হয়।
সচেতন গ্রাহক ফোরামের নেতারা বলেন, তাদের উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।