বিশ্বকাপ ফুটবল দেখার সুযোগ পেল টাঙ্গাইল কারাগারের বন্দীরা
ফিফা ফুটবল বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে টাঙ্গাইল জেলা কারাগারের বন্দীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক শরীফা হকের উদ্যোগে কারাগারের ১৮টি ওয়ার্ডে পর্যায়ক্রমে টেলিভিশন স্থাপন করা হয়েছে, যাতে বন্দীরা বিশ্বকাপ ফুটবলের খেলা উপভোগ করতে পারে।
বুধবার (১০ জুন) এ উদ্যোগের মাধ্যমে কারাবন্দীদের মাঝে বিশ্বকাপ ফুটবলের উচ্ছ্বাস ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়।
জেলা প্রশাসক শরীফা হক বলেন, নিয়মিত কারাগার পরিদর্শনের সময় বন্দীরা তার কাছে বিশ্বকাপ খেলা দেখার সুযোগ চেয়েছিল। তাদের সেই অনুরোধের পরিপ্রেক্ষিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, একজন সাধারণ মানুষের মতোই কারাবন্দীদেরও বিনোদন ও মানসিক স্বস্তি পাওয়ার অধিকার রয়েছে। বিশ্বকাপ ফুটবল বিশ্বের অন্যতম বড় ক্রীড়া আসর হওয়ায় তাদেরও এই আনন্দে যুক্ত করার লক্ষ্যেই কারাগারে টেলিভিশন স্থাপনের ব্যবস্থা করা হয়েছে।
টাঙ্গাইল জেলা কারাগারের জেল সুপার জানান, বিভিন্ন ওয়ার্ডে টিভি স্থাপনের ফলে বন্দীদের মধ্যে আনন্দ বৃদ্ধি পেয়েছে এবং কারাগারের পরিবেশে শৃঙ্খলাও উন্নত হয়েছে।