শুক্রবার , ১২ জুন ২০২৬
শুক্রবার , ১২ জুন ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

favicon
ভোরের আলো ডেস্ক:
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা ও আমানতকারীদের স্বার্থ রক্ষার লক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-তে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ আশরাফুল আলমকে এ পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ধারা ৪৯(১)(ঘ)(আ) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে এ নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামী ব্যাংকের সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ, ব্যাংকের স্বার্থ সংরক্ষণ, আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং বৃহত্তর জনস্বার্থ নিশ্চিত করার উদ্দেশ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পর্যবেক্ষক হিসেবে মোহাম্মদ আশরাফুল আলম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে অংশগ্রহণ করবেন। পাশাপাশি তিনি ব্যাংকের কার্যক্রম সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য, মতামত ও পর্যবেক্ষণ বাংলাদেশ ব্যাংকের কাছে উপস্থাপন করবেন।

কেন্দ্রীয় ব্যাংক আশা প্রকাশ করেছে, এ পদক্ষেপ ইসলামী ব্যাংকের কার্যক্রমে আস্থা, শৃঙ্খলা, সুশাসন ও জবাবদিহিতা আরও শক্তিশালী করতে সহায়ক হবে। একই সঙ্গে দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা ও স্বচ্ছতা নিশ্চিত করার প্রচেষ্টাও আরও জোরদার হবে।